প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 5, 2026 ইং
বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয় ধর্ষণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বসতঘরে লুকিয়ে রাখা বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধারের ঘটনায় চাচা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নিহত শিশুর বাবা বাবুল প্যাদাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সোমবার দুপুরে এ ঘটনায় অভিযুক্ত আয়েশার চাচাতো চাচা রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যে শিশু আয়েশা মনির (১১) বাবা বাবুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত চাচা রুবেল।
এর আগে নিজ বসতঘরে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনা রহস্য জনক ধারনা করে তা উদঘাটনে তদন্তে মাঠে নামে পুলিশ।
আসামি রুবেলের জবানবন্দির বরাত দিয়ে পুলিশের একাধিক সূত্রে জানা যায়, নিহত শিশু আয়েশার মা সৌদি আরবে থাকেন। বাড়িতে তাদের সঙ্গে বসবাস করা দুঃসম্পর্কের আত্মীয়ের সাথে আয়েশার বাবার অনৈতিক সম্পর্ক চলছিল। ঘটনার কয়েকদিন পূর্বে তার বাবাকে ওই আত্মীয়ের সাথে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায় আয়েশা। পরে বাবা আয়েশাকে ঘটনাটি মা ও পরিবারের অন্য সদস্যদের না জানোর অনুরোধ করেন। এতেও নিশ্চিত না হতে পেরে নিজের মেয়েকে হত্যার পরিকল্পনা করেন বাবা। বাবুলের বাড়িতে নিয়মিত খাবার খেতে আসতেন তার চাচাতো ভাই রুবেল। রুবেলকে প্রলোভন দেখিয়ে নিজ কন্যা আয়েশাকে হত্যার জন্য রাজি করান বাবুল। এ সুযোগে আয়েশাকে ধর্ষণ শেষে প্রায় ৭-৮ মিনিট শ্বাসরোধ করে হত্যা করেন রুবেল। এরপরে বাবা ও চাচা মিলে মরদেহ বস্তাবন্দি করে গুমের চেষ্টা করে ব্যর্থ হয়ে বস্তাটি রান্নাঘরের এক কোণে রেখে দেয়। যা পরে উদ্ধার করে পুলিশ।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, চাচা রুবেলের স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাবা বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে রুবেল হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাছাড়া প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সব তথ্য প্রমাণ পুলিশ পেয়েছে। হত্যার আগে ধর্ষণের বিষয়ে ওসি বলেন, ময়না তদন্তের রির্পোট ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে সুরতহাল রিপোর্টে পাওয়া আলামত এবং পুলিশের তদন্তে প্রাথমিকভাবে বিভিন্ন ধারনা মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, দু’দিন নিখোঁজের পর রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের নিজ বসতঘরের রান্নাঘর থেকে স্কুলছাত্রী আয়েশা মনির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV